কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী ও এক বাংলাদেশি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছেন—রোহিঙ্গা ক্যাম্প ৯ নম্বরের সেতারা বেগম (২২), মরজিনা আক্তার (২৪) এবং রাজবাড়ী জেলার পাংশা থানার বাসিন্দা রবিউল ইসলাম (২৫)। তিনি আমির আলী সর্দারের ছেলে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল। রবিউল ইসলাম নিয়মিতভাবে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন। এই কাজে তার স্ত্রী সেতারা বেগমসহ রোহিঙ্গা নারীদের ব্যবহার করতেন তিনি। আটক অপর নারী মরজিনা আক্তারকেও মাদকের দৌরাত্ম্য ছড়াতে সহায়তা করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট বাহিনী বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের একটি নির্দিষ্ট ঘর থেকে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবার প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তা কয়েক হাজার পিস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
