মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলের এ অভিযান বাজারজুড়ে সচেতনতা সৃষ্টি করে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। তিনি জানান, বাজারে অনিয়ম, ভোক্তা হয়রানি ও জনদুর্ভোগ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
