শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেছেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মণ্ডপে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। তিনি পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় পূজা মণ্ডপে আগত ভক্তরাও তাঁর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেন।
বাজালিয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান, সেনা কর্মকর্তার আগমন ভক্ত ও দর্শনার্থীদের মাঝে বাড়তি নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেছে। এতে পূজার পরিবেশ আরও সুন্দর ও শান্তিপূর্ণভাবে বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুন্নবী পিএসসি, উপ-অধিনায়ক মেজর মো. ফারহান ফুয়াদ, জি ও সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান ও সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।
