কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যাটারি চালিত ইজিবাইকসহ এক বাঙালি যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর এ/৩ ব্লকের প্রবেশ পথে শফিউল্লাহকাটা এলাকায় এপিবিএনের দায়িত্বরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি ব্যাটারি চালিত ইজিবাইকসহ মো. আব্দুল করিম রুবেল (২০), পিতা– জহির আলম, সাং– শফিউল্লাহকাটা, ৭নং ওয়ার্ড, পালংখালী, উখিয়া–কে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে এপিবিএন সদস্যরা।
৮ এপিবিএন সূত্রে জানা গেছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় সম্প্রতি মাদক চোরাচালান কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এপিবিএন সদস্যরা টহল ও অভিযান আরও জোরদার করেছে।
