চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিক্সা ও কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। একসঙ্গে আহত হয়েছে ৩ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অদুদিয়া সড়কের আর্তুন্নিরঘাটা নামক এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান এর সাথে নতুন হাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুছরে যায়। কাভার্ড ভ্যানটি সড়ক থেকে ধানক্ষেতে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী নাজিম উদ্দীন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত ৩জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত নাজিম উদ্দীন চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে। তিনি সবজির ব্যবসা করতেন। মানিক নামের এক যুবক জানায়, ভোর সকালে সবজি আনার জন্য নাজিম নতুন হাট থেকে সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন। হঠাৎ কাভার্ড ভ্যানটি রং সাইটে এসে অটোরিক্সাকে ধাক্কা দেয়।
নিহত নাজিম উদ্দীন ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। এক মেয়ে বিবাহ দিয়েছে। দুর্ঘটনার পর পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
