উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা ও থাইংখালী এলাকায় পাহাড় কাটা ও মাটি পাচারের অভিযোগে এজার কোম্পানির ব্যবহৃত একটি ডাম্পার (নম্বর: চট্টমেট্রো–১১–০০৮২) জব্দ করেছে বন বিভাগ। জব্দের পর তা দ্রুত কক্সবাজার সদর বন রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ নভেম্বর গভীর রাতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান–এর নেতৃত্বে দোছড়ি, থাইংখালী ও মোছার বিট কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা না গেলেও পাহাড় কাটার মাধ্যমে অবৈধভাবে মাটি পরিবহনের প্রমাণ পাওয়ায় ডাম্পারটি আটক করা হয়।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড় কেটে মাটি ও বালু পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের একটি যান আটক করতে সক্ষম হয় বন বিভাগ। তিনি আরও বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় কাটা ও মাটি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
