শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি-জামায়াতসহ চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টের মাধ্যমে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কী নিয়ে আলোচনা?
বৈঠকে সম্প্রতি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সার্বিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীরা তাদের প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

  • সর্বশেষ
  • পঠিত