উখিয়া কোটবাজারে ‘গ্রীন ভ্যালী হাসপাতাল’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । নতুন এ হাসপাতালের উদ্যোক্তারা জানিয়েছেন, তারা শুধুমাত্র লাভ নয়,বরং মানুষের জীবন রক্ষায় একটি মানসম্মত ও সেবাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২টায় কোটবাজারে গ্রীন ভ্যালী হাসপাতালের ভবনে আয়োজিত এই সভায় প্রধান উদ্যোক্তা নুরুল হুদা বলেন, “আমরা হাসপাতাল করতে চাই রোগীর নিরাপত্তা, চিকিৎসা ও মানবসেবা নিশ্চিত করার জন্য। লাভের পেছনে না ছুটে সেবার মানসিকতা নিয়ে এগোতে হবে। তাহলেই মানুষ উপকৃত হবে এবং হাসপাতালও টিকবে।”
তিনি আরও বলেন, “উদ্যোক্তাদের মনে রাখতে হবে, রোগীর জীবন নিয়ে ব্যবসা করা অনৈতিক। আমরা গ্রীন ভ্যালী হাসপাতালকে এমন একটি স্থানে পরিণত করতে চাই, যেখানে দরিদ্র মানুষও সাশ্রয়ী মূল্যে সেবা পাবে।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার সদর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডা. কফিল, কক্সবাজার সরকারি কলেজের প্রফেসর মো. মোজাফফর, উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক সাঈদ মোহাম্মদ আনোয়ার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মালেক, নুরুল আলম নুরু, খোরশেদ আলম বাবুল, জামাল মাহমুদ, হাসান জামান রাজু, নুরুজ্জামান, শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা এখন বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলেও এমন উদ্যোগগুলো যদি সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসে, তাহলে সমাজ উপকৃত হবে। তারা নতুন হাসপাতালের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন এবং গুণগত চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান।
উল্লেখ্য, কোটবাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হলেও এখানে আধুনিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ‘গ্রীন ভ্যালী হাসপাতাল’-এর মাধ্যমে স্থানীয় মানুষ সহজে সেবা পাওয়ার সুযোগ পাবে বলে আশা করছেন এলাকাবাসী। উদ্যোক্তারা জানান, হাসপাতালে পর্যায়ক্রমে জেনারেল মেডিসিন, গাইনি, শিশু, সার্জারি, ডেন্টাল ও প্যাথলজি বিভাগ চালু করা হবে। চিকিৎসা খাতে দক্ষতা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে তারা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চান।
স্থানীয়রা বলছেন, এটি যদি প্রতিশ্রুতি অনুযায়ী পরিচালিত হয়, তবে শুধু কোটবাজার নয়, পুরো উখিয়া-টেকনাফ অঞ্চলের সাধারণ মানুষের জন্য এটি একটি বড় আস্থা ও ভরসার জায়গা হয়ে উঠবে ।
