“যদি হয় রক্ত দাতা, জয় করবো মানবতা”— এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের স্বেচ্ছাসেবী ও মানবিক যুব উন্নয়ন সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় পালংখালী রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন ও শেড এনজিও উখিয়া প্রজেক্ট।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও শেড এনজিও’র উপ-পরিচালক এডভোকেট জিয়াউর রহমান মুকুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন— সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ছৈয়দুল বশর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মোঃ ও, শিক্ষা সম্পাদক সোলতান মাহমুদ রিদুয়ান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, আইন সম্পাদক আলফাজ উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া রহমানিয়া মাদ্রাসার পরিচালক জিয়াউর রহমান, ওয়ার্ল্ড ভিশন ও শেড-এর ফ্যাসিলিটেটর মোঃ কফিল উদ্দিন, শফিউল্লাহ তুহিন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট জিয়াউর রহমান মুকুল বলেন,
“আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের মানবিক কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি ওয়ার্ল্ড ভিশন ও শেড এনজিও’র সহযোগিতায় ৫ হাজার গাছের চারা প্রদানের ব্যবস্থা করেছি। আশা করি এগুলো সঠিক পরিচর্যা করলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ করেছে— এ বিষয়েও সবাইকে সচেতন করতে হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন,
“আমরা ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি রক্ত ম্যানেজ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এর ধারাবাহিকতায় এক মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সহযোগিতার জন্য আমরা এডভোকেট জিয়াউর রহমান মুকুল, ওয়ার্ল্ড ভিশন ও শেড এনজিওকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
