রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতকানিয়ায় এক যুবক গ্রেপ্তার

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় দিনদুপুরে কাঞ্চনা ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এসময় নগদ ৬০ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম আরকান চৌধুরী (২৫)। তিনি কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট জাফর চৌধুরী বাড়ি এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট জাফর চৌধুরী বাড়ি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টাকা উদ্ধারসহ ছিনতাই মামলার অজ্ঞাতনামা আসামি আরকান চৌধুরীকে আটক করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আরকান চৌধুরী ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আজ শনিবার গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উক্ত ছিনতাইয়ে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর দুপুরে কাঞ্চনা মনুফকিরহাট হাটের জলদাশপাড়া ব্রীজের উপর গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা অভি চৌধুরীকে আটকিয়ে তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। অভি কাঞ্চনা শাখার কেন্দ্র ব্যবস্থাপক। পরে এঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন ব্যাংক কর্মকর্তা।‌‌

  • সর্বশেষ
  • পঠিত