দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আজ সকালে সেনানিবাসের মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলার ২৯টি পূজা মণ্ডপে মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
এই শুভেচ্ছা উপহার প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
তিনি শুভেচ্ছা উপহার প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐক্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক।
সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে শান্তি ও সৌহার্দ্য রক্ষায় কাজ করে যাচ্ছে ও আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন, তিনিও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বক্ষণিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এ সময় শুভেচ্ছা উপহার গ্রহণ করেন জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ। তাঁরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “এই শুভেচ্ছা শুধু উপহার নয়, এটি আমাদের প্রতি সম্মান ও সহমর্মিতার প্রতিফলন।
