টেকসই উন্নয়নে পর্যটন” স্লোগানকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় শহরের সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের শুভ সূচনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি হোটেল মোটেল জোন এলাকা ঘুরে ফিরে লাবণী পয়েন্টে এসে শেষ হয় বিশাল র্যালি ।
ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল, টুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটরবাইক সহকারে র্যালিতে সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী-কর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান সৈকতের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্বোধন করেন । জেলা প্রশাসক বলেন, পর্যটনের সঙ্গে এ জেলার মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত রয়েছে।
আমরা পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে কীভাবে আরও টেকসই ও পরিবেশবান্ধব করা যায় সে লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখা হবে।
পর্যটন দিবস ও পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি বলেন,এই সময়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এদিকে পর্যটন দিবস উপলক্ষে পর্যটন মোটেলসহ তারকা মানের হোটেল গুলোতে দেওয়া হয়েছে ছাড়। বিশ্ব পর্যটন দিবসে সাজানো হয়েছে পর্যটন এলাকাকে ।
