শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

মহাষষ্ঠীতে দেবী দুর্গার পূজার শুভ সূচনা

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশজুড়ে এখন উৎসবের আমেজ। শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত কারিগর, আয়োজক ও স্বেচ্ছাসেবকেরা।

চট্টগ্রাম নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সবখানেই পূজামণ্ডপগুলো রঙ, আলো আর সাজসজ্জার ছটায় মুখর হয়ে উঠেছে।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেবী দুর্গার পূজা-অর্চনা। প্রতিটি মণ্ডপে চলছে রঙ-তুলির শেষ আঁচড় ও ঝলমলে আলোকসজ্জা। কোথাও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া, কোথাও আবার প্রতিযোগিতার প্রস্তুতি—সব মিলিয়ে চারপাশে বইছে উৎসবের উচ্ছ্বাস।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীসহ প্রতিটি জেলা-উপজেলায় পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আনসার ও র‌্যাবের টহল দল। গুরুত্বপূর্ণ মণ্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং দর্শনার্থীদের প্রবেশপথে রাখা হয়েছে কড়াকড়ি তল্লাশির ব্যবস্থা।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই শুরু হয়েছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে মানুষ উপভোগ করছেন প্রতিমার নান্দনিক সৌন্দর্য ও আলোকসজ্জার ঝলকানি।

প্রতিদিন সকালে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার পূজা-অর্চনা, সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদীয় মহোৎসব।

আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে এ মিলনমেলা শেষ করাই তাঁদের প্রত্যাশা। তাঁরা আশা প্রকাশ করেছেন—দেবী দুর্গার আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সমৃদ্ধি।

  • সর্বশেষ
  • পঠিত