শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

খাগড়াছড়িতে প্রশাসনের আশ্বাসের আংশিক বিবেচনায় অবরোধ কর্মসূচী সম্পূর্ণ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকা অবরোধ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ শনিবার (৪অক্টোবর, ২০২৫) সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিবৃতিতে জানানো হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে গত ১ অক্টোবর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে সংগঠনটির নেতাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির দাবি, আলোচনায় তারা স্পষ্টভাবে ৮ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ১৪৪ ধারা প্রত্যাহার, সাম্প্রতিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা সহায়তার বিষয়টি জানানো হয়।

এর আগে, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি। অভিযোগের পরদিন ‘জুম্ম ছাত্র-জনতা’ অবরোধ কর্মসূচি ডাক দেয়। তবে পরবর্তীতে চিকিৎসক দলের পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি বলে জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় তিনজন নিহত হন এবং অর্ধশতাধিক মানুষ আহত হন।

  • সর্বশেষ
  • পঠিত