শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

উখিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবা — পুলিশ হেফাজতে আটক চারজন।

এম এ সাত্তার আজাদ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুই হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখয়া থানা সূত্রে জানা যায়, ভোর রাতে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ–কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশের মরাগাছতলা এলাকায় অভিযানে নামে। এ সময় আসামি ফরিদুল আলমের বাড়ির সামনে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালানো হয়।অভিযানে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১টি শর্টগানের খালি খোসা, ১ রাউন্ড রাইফেলের গুলির খালি খোসা এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—১। মো. কায়সার (২১), পিতা ফরিদ আলম, বালুখালী এলাকা, ২নং ওয়ার্ড পালংখালী ইউনিয়ন;২ ফরিদ আলম (৪৭), পিতা মৃত মো. আলম, একই এলাকার বাসিন্দা ৩️। ফোরকান (২৩), পিতা মৃত নুর কবির, রোহিঙ্গা ক্যাম্প–১১ এর বি–সি/৬ ব্লক, এফসিএন নং ১৮৯০২৫; ৪️।আব্দুল কাদের (২০), পিতা জোস মোহাম্মদ, রোহিঙ্গা ক্যাম্প–১২ এর বি ব্লক, মরাগাছতলা এলাকা।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অস্ত্র, গুলি ও ২০০০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন উখিয়া এলাকায় অপরাধ দমন ও আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা পাচার ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছে তদন্তকারী কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পঠিত