শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা যুবকের কাছ থেকে দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

এম এ সাত্তার আজাদ, উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আবারও অবৈধ অস্ত্র ও গুলির চোরাচালানের ঘটনায় ধরা পড়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ক্যাম্প-১৯ এর আওতাধীন চেকপোস্ট-১৯১ এ এক রোহিঙ্গা যুবকের দেহ তল্লাশি চালিয়ে দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় জানা গেছে তিনি হলেন সৈয়দ আলম (২০)। তিনি মৃত শাহ আলমের পুত্র এবং লেদা ক্যাম্প, সাব-ব্লক সি/২, ক্যাম্প-২৪-এর বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৫৪০৫৫ বলে জানা গেছে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উক্ত যুবক চেকপোস্ট-১৯১ দিয়ে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে সে সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তাকে থামিয়ে দেহ তল্লাশি করা হলে তার পরনের প্যান্টের ডান হাঁটুর ভেতরের অংশে এংলেট দিয়ে আটকানো অবস্থায় দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে উদ্ধারকৃত কার্তুজসহ সোনারপাড়া পুলিশ ক্যাম্প-১৯ এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়।

এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত সৈয়দ আলমের বিরুদ্ধে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে আইনগত প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো অস্ত্র ব্যবসায়ী বা দুষ্কৃতকারী চক্রের সদস্যের কাছে এই গুলি সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক বছরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। অবৈধ অস্ত্র, ইয়াবা, গুলি ও অন্যান্য চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নির্ভরযোগ্য সূত্রমতে , রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় কয়েকটি সশস্ত্র গ্রুপ নিজেদের প্রভাব বিস্তারে এসব অস্ত্র ও গুলি ব্যবহার করে থাকে। তাই নিরাপত্তা বাহিনী প্রতিটি প্রবেশপথ ও চেকপোস্টে কঠোর নজরদারি চালাচ্ছে।রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলির চোরাচালান বন্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি এমনটা জানিয়েছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা । আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং তার সাথে জড়িত চক্রের সন্ধানেও অভিযান চলমান থাকবে

  • সর্বশেষ
  • পঠিত