শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ঘুমধুমে রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

এম এ সাত্তার আজাদ, উপজেলা প্রতিনিধি

কক্সবাজার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় রাবার বাগানের ভেতরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়।

ঘটনাস্থলটি ঘুমধুম বিওপি হতে প্রায় ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং আন্তর্জাতিক সীমান্ত চিহ্ন বিপি-৩১ থেকে প্রায় ১.৭ কিলোমিটার উত্তরে অবস্থিত। জায়গাটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিভি টাওয়ার এলাকার পাহাড়ের ঢালে একটি রাবার বাগানের ভেতরে বলে জানায় স্থানীয় সূত্র।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অজ্ঞাত মরদেহটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘুমধুম বিওপির দায়িত্বপ্রাপ্ত ল্যান্স নায়েক মো. রোকন বিষয়টি নিশ্চিত করে জানান। আজ সকাল ৮টার দিকে নিয়মিত বিজিবি জুয়ানদের টহলের সময় টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগানে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ঘুমধুম বিজিবি তদন্ত কেন্দ্রকে জানানো হয়।রিপোর্ট সংগ্রহের আগ পর্যন্ত গঠনাস্থল নিরাপত্তার আওতায় রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা মরদেহ উদ্ধার করে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশের ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রাবার বাগান এলাকায় অজ্ঞাত মরদেহ ঝুলে থাকতে দেখা যাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনাটির সঠিক তদন্ত ও পরিচয় উদঘাটনের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পঠিত