সারা দেশে এখন নির্বাচনি আমেজ বইছে—এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ নভেম্বর) নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই সরকার নিরলসভাবে কাজ করছে।’
প্রেস সচিব আরও বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরি
আস্থা ও বোঝাপড়া আরও দৃঢ় করতে হবে।’
সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সাংবাদিকতা পেশার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।
মতবিনিময় সভা শেষে প্রেস সচিব আরও বলেন, ‘দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম আমাদের অন্যতম সহযোগী শক্তি।’
ওমর | চাখ
