কক্সবাজারের উখিয়ায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যালয় পুনরায় চালু করেছে।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোর্টবাজারস্থ সালাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান।
উদ্বোধনকালে তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন পর উখিয়া আমাদের সাংগঠনিক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ। জনগণের আস্থা ও ভালোবাসায় জামায়াত আবারও মাঠে শক্ত অবস্থানে ফিরবে।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, এই কার্যালয় উখিয়ার ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের প্রতীক। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সমাজে ন্যায়, আদর্শ ও সততার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাব। উখিয়ায় জামায়াতের এই পুনর্জাগরণ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা জনগণের পাশে থেকে উন্নয়ন ও মানবিক সেবায় অবদান রাখতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাবেক শিবির সভাপতি আব্দুল্লাহ আল জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
