খাগড়াছড়ি সদর উপজেলার টাউন হলে শুক্রবার (১৪ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলায় বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত।
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের উদ্যোগে সকাল সাড়ে দশটায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো উপজেলা কাউন্সিল।
টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির ম্রাচাই মারমা। সভা সঞ্চালনায় ছিলেন খাগড়াছড়ি সদর শাখার সদস্য সচিব মিনুচিং মারমা ও যুব জেলা কমিটির ভারপ্রাপ্ত চাইহ্ণাপ্রু মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, বিশিষ্ট সমাজসেবক সাথোয়াইপ্রু চৌধুরী, জাতীয়তাবাদী মহিলাদল খাগড়াছড়ি জেলা কমিটির সভানেত্রী কহেলি দেওয়ান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা কমিটির সভাপতি কংচাইরী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ম্রাসাথোয়াই মারমা বলেন, “এক সময় মারমা সম্প্রদায় ছিল খাগড়াছড়ির অন্যতম সমৃদ্ধ জনগোষ্ঠী। কিন্তু আজ তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিটি গ্রামে সমিতি গঠন করা হয়েছে। নারীদের ঐক্যবদ্ধ উদ্যোগই পারে সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে।”
আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন ম্রাচাই মারমা, সাধারণ সম্পাদক মিনুচিং মারমা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিশ্যানু মারমা।
এই কাউন্সিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল নারীর ক্ষমতায়ন, সাংগঠনিক ঐক্য এবং সামাজিক অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত। মারমা নারীদের এই ঐক্যবদ্ধ পদক্ষেপ পাহাড়ি সমাজে নতুন আশার আলো জ্বালাবে বলেই প্রত্যাশা সকলের।
