খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স সাদ্দাম জহির। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মানবিক শ্লোগানকে ধারণ করে গত ২২ ও ২৩ নভেম্বর প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মাটিরাঙ্গার সাদিয়াবাড়ি পাড়া, অযোধ্যা ব্রজেন্দ্র কারবারি পাড়া, তপ্ত মাস্টার পাড়া, ব্যাঙমারা এলাকায় ও আলুটিলা পুনর্বাসন পাড়ায়। এ সময় সাদিয়াবাড়ি এলাকায় এক অস্বচ্ছল গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিনও প্রদান করা হয়, যা তাদের জন্য আশার আলো হয়ে দাঁড়ায়।
অনুষ্ঠানে দাতা ও উদ্যোক্তা টপ স্টার গ্রুপের কান্ট্রি ডাইরেক্টর লায়ন্স সাদ্দাম জহির বলেন, “মানবিক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য।
এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনগণের ব্যুরো প্রধান ত্রিপন জয় ত্রিপুরা। সঙ্গে ছিলেন লায়ন সাদ্দাম জহির পরিবার, স্থানীয় মৌজার হেডম্যান,কারবারি ও অন্যান্য নেতৃবৃন্দ। তাদের উপস্থিতি কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলে।
মানবিক এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসে তবে শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে।
