আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আয়োজনের বিষয়ে আলোচনা করতে চট্টগ্রামের পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পটিয়া থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানা মাঠে আয়োজিত এই সভায় পূজা কমিটিগুলোর নেতারা তাদের নানা অভিমত ও প্রস্তাব তুলে ধরেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানের সামনে।
এসময় সবার মতামত শোনার পর ওসি মো. নুরুজ্জামান বলেন, আপনাদের সব অভিমত আমরা গুরুত্ব সহকারে শুনেছি। পটিয়া থানা পুলিশ আসন্ন দুর্গাপূজায় সম্পূর্ণ প্রস্তুত। আমরা প্রত্যেক মণ্ডপে পুলিশ ফোর্স মোতায়েন করব এবং প্যাট্রোলিং বাড়িয়ে দেব। ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ টিম গঠন করা হয়েছে, যাতে বিসর্জনের দিন কোনো জ্যাম না হয়। নারী ও শিশুদের নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হবে এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সহযোগিতা করুন, তাহলে এ উৎসব নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কোনো সমস্যা হলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।
সভায় এসআই প্রদীপ চন্দ্র দের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পাচঁরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, পুলক চৌধুরী, তাপস কুমার দে, রাজিব সেন ,মান্না কুমার দেব,জুয়েল দে প্রমুখ।
মতবিনিময় সভায় পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বলেন, পুলিশের এই সক্রিয়তা দেখে আমরা অনেকটা নিশ্চিত। আমরা কমিটি হিসেবে স্থানীয়ভাবে সচেতনতা ক্যাম্পেইন চালাব। সভায় শতাধিক জনেরও বেশি নেতারা অংশগ্রহণ করেন। সকলে একমত হন যে, সমন্বিত প্রচেষ্টায় এবছরের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময় হবে।
