রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

এম এ সাত্তার আজাদ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা যায়, ১২ অক্টোবর ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সংবাদের তথ্য অনুযায়ী, ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরাপাহাড়ের নিচে রাস্তার ওপর অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পাহাড়ি এলাকায় কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করে।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে এপিবিএন সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, গুলিবিনিময় ও প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির কারণে সন্ত্রাসীরা বারবার স্থান পরিবর্তন করছে।

৮ এপিবিএনের ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অস্ত্র ও সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পঠিত