শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চিটাগং হিল ট্র্যাক্টসে এনবিএস–ভিত্তিক কার্যক্রমে সরকারি স্টেকহোল্ডারদের পরিদর্শন

প্রতিনিধি, খাগড়াছড়ি

পার্বত্য চট্টগ্রামে জেন্ডার–সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক নেচার-বেসড সল্যুশনস (এনবিএস) কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সরকারি ও প্রাতিষ্ঠানিক স্টেকহোল্ডারদের নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত “Promoting GESI Responsive Nature-Based Solutions for Enabling Resilience in CHT” প্রকল্পের আওতায় এ দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচির উদ্দেশ্য
পরিদর্শনের মূল লক্ষ্য ছিল প্রকল্প–সংশ্লিষ্ট কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) এবং কৃষিতে এনবিএস–সমন্বিত পরিবেশবান্ধব উদ্ভাবন সম্পর্কে সরকারি কর্মকর্তাদের ধারণা ও কারিগরি দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট প্রণয়নে এনবিএস অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

অংশগ্রহণকারীরা
দিনব্যাপী এ পরিদর্শনে অংশ নেন—খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস, সহকারী কৃষি প্রকৌশলী আব্দুল মুহিত, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান সুমন, উপজেলা স্যানিটারি ও ফুড সিকিউরিটি অফিসার তৎজিম চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের সদস্য স্মৃতি রঞ্জন চাকমা, স্থানীয় সংবাদকর্মী সুমন উদ্দিন ও দহেন বিকাশ ত্রিপুরা, লোকাল সার্ভিস প্রোভাইডর রাহুল চাকমা ও মীরণ চাকমা, সিএলসি সদস্য হোসনেয়ারা বেগমসহ তৃণমূল উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

পরিদর্শন কার্যক্রম
সকালে বাঁচা মেরুং পাড়ার কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) ঘুরে দেখেন অতিথিরা। পরে বড়াদম ও শনখলা পাড়ার পাঁচটি এনবিএস–নির্ভর কৃষিক্ষেত্র পরিদর্শন করা হয়। বড়াদম এলাকায় উদাসী চাকমা ও উদয়ন চাকমার বাঁধাকপি ক্ষেত এবং নয়ন জ্যোতি চাকমার বেগুনক্ষেত পরিদর্শনের পর তারা হেডম্যান পাড়ার ইমেজ চাকমার শশা এবং তুহিনা চাকমার ক্ষীরার এনবিএস চাষাবাদের অগ্রগতি দেখেন।

কৃষকদের অভিজ্ঞতা
স্থানীয় কৃষকরা জানান, এনবিএস–ভিত্তিক কৃষি অনুশীলনের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি, কম খরচে উৎপাদন এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে ইতিবাচক প্রভাব পড়ছে। সরকারি প্রতিনিধিরাও প্রকল্প এলাকাগুলোর বাস্তব অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এ ধরনের টেকসই কৃষি মডেল অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সংস্থার মতামত
তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা বলেন, “এনবিএস–নির্ভর কৃষি শুধু ফসল উৎপাদন বাড়ায় না, বরং পরিবেশ, পানি ও মাটির স্বাস্থ্য রক্ষা করে দীর্ঘমেয়াদে টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করে। সরকারি পর্যায়ের এ ধরনের মাঠপর্যায়ের ভিজিট স্থানীয় উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

  • সর্বশেষ
  • পঠিত