উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েষ্ট ও আশপাশের বিভিন্ন ক্যাম্পে দিনব্যাপী পরিদর্শন করেছেন জাপানের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত দুই সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রতিনিধি দলটি ক্যাম্প-২ ওয়েষ্ট এর এ/১১ ব্লকে পৌঁছান। দলটির নেতৃত্বে ছিলেন মি. সাকাগুচি নাওটো, সদস্য, জাপান হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং মি. কারাসাওয়া শিনজু, প্রধান, অর্থনৈতিক সহযোগিতা বিভাগ, জাপান দূতাবাস।
তারা UNHCR, UNICEF, WFP, UN WOMEN, IOM, NGO-FORUM ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে ছিল LPG বিতরণ কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার, খাদ্য বিতরণ কেন্দ্র, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, অগ্নি প্রতিরোধ সক্ষমতা সম্পন্ন শেল্টার নির্মাণ কেন্দ্র এবং নারী বাজার।
পরিদর্শনকালে প্রতিনিধি দল সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাগ্রহণকারী রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
দিনব্যাপী পরিদর্শন শেষে বিকেল ৪টা ১০ মিনিটে তারা কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
