কক্সবাজারের টেকনাফ উপকূলে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সমুদ্র উপকূল থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও আইস পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফ ও উখিয়া উপকূল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত কয়েক মাসে কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ একাধিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, আইস ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করেছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
