মিরসরাই উপজেলার দক্ষিণ মঘাদিয়া ঘোনা নবপ্লাবন সামাজিক সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নবপ্লাবন সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক ফজলুল করিম জাহিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক ও রাজনীতিবিদ বদরুদ্দোজা মিয়া। বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাইনুদ্দিন চৌধুরী, সোনালী স্বপ্ন’র সাবেক সভাপতি মঈনুল হোসেন টিপু, প্রজন্ম মিরসরাই’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুব সংগঠক শাহাদাত খান। অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেন সমাজসেবক ও রাজনীতিবিদ এমদাদ হোসেন।
কর্মসূচির অংশ হিসেবে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সমাজে এর নেতিবাচক প্রভাব এবং তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে দূরে রাখার কৌশল নিয়ে আলোচনা করেন। তাঁরা সবাইকে সম্মিলিতভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নবপ্লাবন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এমন সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
