রাউজান নোয়াপাড়া পথেরহাট থেকে নিরামিষ পাড়া পর্যন্ত টেন্ডল সড়কের পুনঃনির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন ও আলমাস-ইউনুস ফাউন্ডেশন। এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছেন দুই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ও মানবতার ফেরিওয়ালা, প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিন।
তবে সড়কটির শেষাংশ—নিরামিষ পাড়া মসজিদ থেকে শেখপাড়া স্কুল পর্যন্ত প্রায় ৫২০ মিটার দীর্ঘ অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, এই অংশটি পুনঃনির্মাণ হলে পথেরহাট থেকে পাঁচখাইন পর্যন্ত যাতায়াত সহজ হবে, কমবে দুরত্ব। বিশেষ করে মাষ্টারদা সূর্যসেন হাসপাতালগামী এম্বুলেন্স চলাচল, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক।
এই দাবির প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শেখপাড়া জামে মসজিদের সভাপতি মীর সায়েম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস মিয়া এবং বর্তমান সাধারণ সম্পাদক ও চাটগাঁ টিভির সিইও, সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ। তাঁরা আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতি সড়কটির পূর্ণাঙ্গ পুনঃনির্মাণের আবেদন জানান।
মানববন্ধনে শেখপাড়া জামে মসজিদের সাবেক সি. সভাপতি আকতারুল ইসলাম জসিম, মীর আতাউর রহমান, বর্তমান সি. সভাপতি মোহাম্মাদ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ এমদাদ, অর্থ সম্পাদক মীর শামশুল আরেফিন অর্ক, সহ অর্থ সম্পাদক তানভীরুল ইসলাম সজিব, কর্মকর্তা ব্যবসায়ী মূসলিম, ব্যবসায়ী রাশেদ, ব্যবসায়ী আনিসুর রহমান রুবেল, আব্দুর রহমান, সালাহউদ্দিন, c71 নিউজের রিপোর্টার জাবেদ সরওয়ার সহ প্রায় দেড় শতাধিক স্থানীয় বাসিন্দা ও শেখপাড়া জামে মসজিদের কর্মকর্তা/ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া জুমার নামাজ শেষে শেখপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আয়ুব বদরী আলহাজ্ব জসিম উদ্দিন ও তাঁর ফাউন্ডেশনের সকল পরিচালক ও কর্মকর্তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
