মিয়ানমার সীমান্তে ফের অস্থিরতা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে থেমে থেমে গুলির শব্দ ও মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্ত এলাকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে সীমান্তে প্রায় প্রতিদিনই মাইন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনজুমানপাড়া সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২-৩ দিন ধরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম জলপাইতলী, ঘুমধুম সীমান্ত ও উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্টের ওপার থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের আরাকান আর্মি ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, “এমন ঘটনার খবর আমরা পেয়েছি। তবে আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন।”
এমন ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সীমান্তে বিজিবি সহ আইন শৃংখলা টহল জোরদার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
