চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি কারখানায় আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল জুতা তৈরি করার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় ‘লোটাস ফুটওয়্যার’ নামের ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, দীর্ঘদিন আগে এওচিয়া ইউনিয়নের পাহাড়ি অঞ্চল ছনখোলা গ্রামে লোটাস ফুটওয়্যার লিমিটেড নামক কারখানাটি গড়ে তোলা হয়। সেখান থেকে তারা অ্যাডিডাস, নাইকি ও বাটাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডের নকল জুতা তৈরি করে বাজারে সরবরাহ করতো। বাইরে থেকে সাধারণ কারখানা মনে হলেও ভেতরে জালিয়াতির কারবার।
সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজর আসে। তারই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান জানান, প্রতিষ্ঠানটি অ্যাডিডাস, নাইকি ও বাটার মতো সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নিম্নমানের জুতা তৈরি ও বাজারজাত করছিল। আরো বলেন, ‘এ ধরনের প্রতারণা শুধু ভোক্তার ক্ষতি করছে না, বরং আসল ব্র্যান্ডের সুনামও নষ্ট করছে। তাই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাজারে ভেজাল ও নকল পণ্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
