শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

গত তিন নির্বাচনের কেউ এবার দায়িত্বে থাকবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেক্স

পতিত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের কেউ আসন্ন নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।

উপদেষ্টা আরও জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা দেশের ১৩০টি ভেন্যুতে ২৮টি ব্যাচে অনুষ্ঠিত হবে।

এর মধ্যে দুটি ব্যাচের ১৩ হাজার সদস্য ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া আনসার-ভিডিপির ৫ লাখ ৮৫ হাজার সদস্যকেও নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার সদস্য অস্ত্রসহ ও ৪ লাখ ৫০ হাজার সদস্য নিরস্ত্র প্রশিক্ষণ পাবেন। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে।

তিনি জানান, নির্বাচনে বিজিবির ১ হাজার ১০০ প্লাটুনের ৩৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে ৬০ শতাংশ ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন। এ প্রশিক্ষণ ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন হবে। পাশাপাশি প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্যকেও মোতায়েন করা হবে।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ওই অঞ্চলে শান্তি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন অনেক কমে গেছে। দুর্গাপূজার সময় কিছু ফ্যাসিস্ট গোষ্ঠী ও তাদের মদদপুষ্ট বুদ্ধিজীবীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’

  • সর্বশেষ
  • পঠিত