বাইক রাইডার ট্যুরিস্ট মাদারীপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আসার সময় চকরিয়া
ইসলাম নগর হাইওয়েতে মারাত্মকভাবে এক্সিডেন্ট করেন। এতে রিয়াদ নামে একজন অন স্পটে মারা যায়
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের ইসলামনগর ঢালার দরগাহ্পাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন মিয়া (৩১) এবং একই উপজেলার গোসারকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, একটি অজ্ঞাত পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রিয়াদ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মুসা মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার ইউনিক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহত রিয়াদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আর মুসা মোল্লার মরদেহ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, তবে ঘাতক পিকআপ ট্রাকটি পালিয়ে গেছে।
পুলিশ বলছে, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
