শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

ডেক্স রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর মূল লক্ষ্য হলো নির্বাচনকে সুন্দর, উৎসবমুখর ও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা।

প্রেস সচিব বলেন, আজকের প্রায় দুই ঘণ্টার এই সভায় মূলত চারটি বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। প্রথমত সোশ্যাল ডিসইনফরমেশন বা এআইসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো অপপ্রচার, ভুল তথ্য (মিসইনফরমেশন/ডিসইনফরমেশন) দ্রুততার সঙ্গে মোকাবিলা করা। দ্বিতীয়ত পদায়ন ও বদলি বিষয়ে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনে যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন। তৃতীয়ত, নির্বাচনী কর্মকর্তাদের কার্যকর প্রশিক্ষণ, বিশেষ করে আনসার সদস্যদের প্রশিক্ষণ জোরদার করা এবং চতুর্থত, নির্বাচনের আগে ও পরের ৭২ ঘণ্টাসহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীর ডেপ্লয়মেন্ট (মোতায়েন)।

শফিকুল আলম বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা ও দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কোনো কর্মকর্তা (বিশেষ করে ডিসি, এডিসি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) গত তিনটি জাতীয় নির্বাচনে (রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে) কোনো ভূমিকায় থাকলে তারা এবারের নির্বাচনে পদায়ন পাবেন না। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, কর্মদক্ষতা, শারীরিক ফিটনেস, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের স্বচ্ছতা এবং পূর্বেকার পোস্টিং ও কোনো নেতিবাচক রিপোর্ট আছে কি না, এসব বিষয় যাচাই করে যোগ্যতম ব্যক্তিকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত