খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া ত্রিপুরা যুব সমাবেশে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার বিকেলে পৌরটাউন মিলনায়তনে অনুষ্ঠিত “ত্রিপুরা যুব সমাবেশ–২০২৬”-এ তিনি বলেন, “ত্রিপুরা জনগোষ্ঠী আমাকে ঋণী করেছে। আমি ত্রিপুরা সম্প্রদায়ের কেউ নই বলে আমাকে দূরে ঠেলে রাখবেন না। সকল সম্প্রদায়কে নিয়ে শান্তি-সম্প্রীতির পরিবেশে উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য।” তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৭ বছরে নির্বাচিত ত্রিপুরা এমপি ও নেতারা জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নারায়ণ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা ও ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খনি রঞ্জন ত্রিপুরা, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন, জেলা বিএনপির সদস্য মিঠুন রানী ত্রিপুরা প্রমুখ।
সদর উপজেলা বিএনপির সদস্য সরনাথ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিপন নিপুরা।
বক্তারা বলেন, ওয়াদুদ ভূইয়ার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে ত্রিপুরা জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পাহাড়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।
এর আগে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরটাউন হল প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
