শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

আসামে ভূমিকম্পে নবজাতকদের রক্ষায় মানবঢাল দুই নার্স

অনলাইন ডেক্স

আসামের একটি হাসপাতালে ভূমিকম্পের সময় অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিলেন দুই নার্স। নিজেদের নিরাপত্তার কথা না ভেবে তারা ছুটে গিয়ে নবজাতকদের বাঁচাতে মানবঢাল হয়ে দাঁড়ান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভূমিকম্প শুরু হতেই অনেকে আতঙ্কে বাইরে ছুটে যাচ্ছিলেন। কিন্তু দুই নার্স বিন্দুমাত্র দেরি না করে শিশু ওয়ার্ডে গিয়ে নবজাতকদের খাটের পাশে দাঁড়িয়ে যান। তীব্র কম্পনে যখন হাসপাতালের দেয়াল ও আসবাব কেঁপে উঠছিল, তখনও তারা নিজেদের শরীর দিয়ে নবজাতকদের রক্ষা করছিলেন।

এই দৃশ্য নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। নেটিজেনরা বলছেন, “নার্সরা শুধু চিকিৎসক দলের অংশ নন, তারা প্রকৃত মানবতার প্রতীক।” অনেকে মন্তব্য করেছেন, চাইলে তারা দৌড়ে গিয়ে আত্মরক্ষা করতে পারতেন, কিন্তু কর্তব্যবোধ ও মাতৃত্বসুলভ মমতার টানে বাচ্চাদের রক্ষা করাকে অগ্রাধিকার দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে হাসপাতালে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ওই দুই নার্সের দৃঢ়তা ও দায়িত্বশীলতা মানুষের হৃদয় জয় করেছে।

  • সর্বশেষ
  • পঠিত